তেজগাঁও থানায় লিখিত অভিযোগ দিলেন মাহমুদা মিতু

মোবাইল ও হোয়াটসঅ্যাপে একাধিকবার হত্যার হুমকি পাওয়ার ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা আলম মিতু।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় নিরাপত্তা চেয়ে এবং হুমকিদাতাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে তিনি এ অভিযোগপত্র জমা দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে দেশি ও বিদেশি (ভারতীয়) বিভিন্ন নম্বর থেকে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপে তাকে (মিতু) এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি সংসদ ভবন এলাকায় অবস্থানকালেও তার মোবাইলে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগ জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদা মিতু বলেন, ‘গত আট-দশ দিন ধরে এবং বিশেষ করে গত দুই দিন সংসদে বসে থাকার সময় একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে ফোন করে আমাকে অত্যন্ত বিকৃতভাবে মেরে ফেলার ও ধর্ষণের হুমকি দিচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতারই প্রতিফলন।’
তিনি বলেন, ‘ইন্ডিয়ার মাটি ব্যবহার করে ও দিল্লির উসকানিতে প্রতিদিন আমাদের ভূখণ্ডে যেভাবে অরাজকতা তৈরি করা হচ্ছে, তা কূটনৈতিক ব্যর্থতাকেও সামনে নিয়ে আসে।’
সংরক্ষিত নারী আসনের এ এমপি বলেন, ‘আজ আমি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে থানায় জিডি করেছি। আমি চাই, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনকে তলব করে এর জবাব চাইবে। একজন সংসদ সদস্য হয়েও সংসদে বসে আমি নিজেই যদি এমন হুমকি পাই এবং আমাকে থানায় গিয়ে জিডি করতে হয়, তবে জুলাই আন্দোলনের আপামর নারীরা আজ কতটা অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন।’
এ বিষয়ে তেজগাঁও থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করবে।


