logo

উত্তরায় ২ হাজার ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
উত্তরায় ২ হাজার ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
মো. তোফায়েল। ছবি: এসআরবি

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ২ হাজার ৬২০ পিস ইয়াবাসহ মো. তোফায়েল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।

র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কে ফাল্গুনী রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তোফায়েলকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১৪টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে রাখা ২ হাজার ৬২০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তোফায়েল নরসিংদীর রায়পুরা উপজেলার কাচারিকান্দী এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল হামিদ।

এসআরবি জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার ব্যক্তিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।