logo
Advertisement

খিলগাঁওয়ে অজ্ঞাত ব্যক্তি হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
খিলগাঁওয়ে অজ্ঞাত ব্যক্তি হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১
পুলিশের হাতে গ্রেপ্তার মো. আব্দুল্লাহ। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর খিলগাঁও থানাধীন ত্রিমোহনী ব্রিজের নিচে জিরানি খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। এর পাশাপাশি মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে খিলগাঁও থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে একটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মতিঝিল বিভাগের পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ত্রিমোহনী ব্রিজের নিচে জিরানি খালের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রযুক্তি তদন্তের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম মো. জজ মিয়া (৪৪)। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মসুরাকান্দা গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার খিলগাঁও এলাকায় বসবাস করতেন।

হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত, আলামত সংগ্রহ, সিডিআর বিশ্লেষণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ বিভিন্ন তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্তে প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড্ডার মেরুল এলাকা থেকে মো. আব্দুল্লাহ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ৮ সেপ্টেম্বর বাসা থেকে বের হওয়ার পর ৯ সেপ্টেম্বর রাত ১২টা ২৮ মিনিটে জজ মিয়া বাড্ডার মেরুল এলাকার একটি গ্যারেজে যান। সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা গ্রেপ্তারকৃত আব্দুল্লাহসহ কয়েকজন পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে হত্যা করে। পরে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মরদেহ খিলগাঁওয়ের ত্রিমোহনী ব্রিজের নিচে জিরানি খালে ফেলে দেওয়া হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, জজ মিয়া তার এক সহযোগীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ায় তাকে হত্যা করা হয়েছে। তবে প্রকৃতপক্ষে এটাই হত্যার একমাত্র কারণ কিনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খিলগাঁও থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বাদী হয়ে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহত জজ মিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না।