বিমানবন্দরে প্রবাসী যাত্রীকে টার্গেট করে ছিনতাই, নারী আটক

সৌদি আরব থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক প্রবাসী যাত্রী। তাকে টার্গেট করে তিন নারী মিলে পকেট থেকে ১০ হাজার টাকা চুরি ও হাত থেকে স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় আনসার সদস্যদের তৎপরতায় চক্রের এক নারী সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনিয়ে নেওয়া স্মার্টফোন। তবে অপর দুই নারী টাকা নিয়ে পালিয়ে গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এ ঘটনা ঘটে। আটক নারীর নাম মোছা. পাখি (২২)।
আনসার কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, সৌদি আরব থেকে আসা প্রবাসী যাত্রী মো. সুমন মিয়া ক্যানোপি-২ এলাকায় নিজের মালামাল রেখে ডলার ভাঙাতে ভেতরে যান। ফিরে এসে সেখানে অবস্থানরত তিন নারীকে তার কাছে সাহায্য চাইতে দেখেন। তিনি সাহায্য করতে অস্বীকৃতি জানালে তাদের একজন কৌশলে তার পকেট থেকে ১০ হাজার টাকা চুরি করে। এ সময় আরেক নারী তার হাত থেকে স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
ভুক্তভোগীর চিৎকার শুনে ক্যানোপি-২ এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী ইনচার্জ এপিসি মো. মতিয়ার রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে এলাকার ইনচার্জ পিসি মো. আনিছ এবং নারী আনসার সদস্য ফারজানা বেগম ও মোছা. কমলা আক্তারের সহযোগিতায় অভিযুক্ত পাখিকে আটক করা হয়। এ সময় অপর দুই নারী চুরি করা টাকা নিয়ে পালিয়ে যায়।
আনসার সদস্যরা ছিনিয়ে নেওয়া স্মার্টফোনটি উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেন। পরে আটক নারীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত রয়েছে বলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে।


