logo

কুআ নির্বাচন/একটি গোষ্ঠীকে ভোটে জেতাতে কারসাজির দাবি প্রার্থীদের

একটি গোষ্ঠীকে ভোটে জেতাতে কারসাজির দাবি প্রার্থীদের
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পিাস। ছবি: এশিয়া পোস্ট

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) ২০২৬-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার মাত্র আড়াই ঘণ্টা আগে আরও ১৫ ঘণ্টা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সভাপতি পদপ্রার্থী একাধিক প্রার্থী। তাদের অভিযোগ, প্রার্থীদের সঙ্গে আলোচনা না করে এবং তাদের অবহিত না করেই একতরফাভাবে ভোটের সময় বাড়ানো হয়েছে। এতে নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। একটি বিশেষ গোষ্ঠীকে নির্বাচনে জিতিয়ে আনার জন্য নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী।

অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি, কারিগরি ত্রুটির কারণে প্রায় দুই হাজার ভোটার ভোট দিতে পারেননি। ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতেই নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ভোট গ্রহণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে চূড়ান্ত ভোটার সংখ্যা ৭ হাজার ৫৯৬ জন। ১৯ নভেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই কমিশন নতুন করে ১৫ ঘণ্টা সময় বাড়ানোর ঘোষণা দেয়। বর্ধিত সময় অনুযায়ী ২১ নভেম্বর বিকেল ২টা ৫৯ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম রফিজুল হক বলেন, কারিগরি ত্রুটির কারণে প্রায় ২ হাজার ভোটার ভোট দিতে পারেননি। ভোটারদের স্বার্থে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই আমরা আগামীকাল বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের গঠনতন্ত্র অনুযায়ীই এই সিদ্ধান্ত নিয়েছি।

তবে কমিশনের এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন এফএমআরটি ৯৭ ব্যাচের সভাপতি পদপ্রার্থী মো. ইফতেখারুল আলম। তিনি বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমি হতাশা প্রকাশ করছি। তাদের কারিগরি ত্রুটির ব্যাপারে আগেই সতর্ক হওয়া উচিত ছিল। আমরা বিভিন্ন সময়ে বলেছি তৃতীয় পক্ষের মাধ্যমে ভোটগ্রহণ করার জন্য। সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারেও তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।

অন্যদিকে বিবিএ ৯৫ ব্যাচের সভাপতি পদপ্রার্থী মো. নাজমুল আহসান প্রিন্স বলেন, প্রকাশিত তফশিল অনুযায়ী ভোটগ্রহণের সময় ছিল ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অথচ ভোটগ্রহণ প্রায় শেষ হওয়ার মুহূর্তে কমিশন প্রার্থীদের না জানিয়ে একতরফাভাবে সময় ১৫ ঘণ্টা বাড়িয়েছে। এতে কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।

তিনি আরও বলেন, আমি বর্ধিত সময় প্রত্যাহার, সিদ্ধান্তের বিধিগত কর্তৃত্ব ও কারণ লিখিতভাবে জানানো এবং সব প্রার্থীর জন্য ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আমি নিজে কোনো কারিগরি সমস্যা ছাড়াই ভোট দিয়েছি। নির্বাচন মানে শুধু বিজয়ী ঘোষণা নয়, প্রক্রিয়াটি কতটা ন্যায্য ও বিশ্বাসযোগ্য, সেটাই আসল।

আর্কিটেকচার ডিসিপ্লিনের ৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সভাপতি প্রার্থী খুরশীদ আলমেহের তন্ময় বলেন, নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশনের যে কোনো সিদ্ধান্তের ওপর আমার পূর্ণ আস্থা আছে। যেহেতু কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, সেহেতু ভোটারদের সুবিধার জন্য তাদের এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে ভালো মনে করছি।

আরও একজন সভাপতি প্রার্থী ইউ আর পি ৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ফজলে রেজা সুমন বলেন, নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্ত আমার জন্য কষ্টদায়ক ছিল। কিন্তু এটাও সত্য যে ভোটাররা ভোট দিতে অসুবিধার সম্মুখীন হয়েছে। যেহেতু নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশনার একটি খেলার রেফারির ন্যায় ভূমিকা পালন করে সেহেতু তাদের সিদ্ধান্ত আমরা শুনতে বাধ্য।

৭ হাজার ৫৯৬ ভোটারের নির্বাচন

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার রয়েছেন ৭ হাজার ৫৯৬ জন। এর আগে নির্বাচন কমিশন ৭ হাজার ৫৬৮ জনের একটি খসড়া ভোটার তালিকা এবং সম্ভাব্য ৯৬ জন ভোটারের পৃথক তালিকা প্রকাশ করেছিল। এসব তালিকায় নাম ও ই-মেইল ঠিকানার পুনরাবৃত্তি, বিভিন্ন ধরনের ভুল এবং স্নাতক ডিগ্রি অর্জনের তথ্য যাচাই নিয়ে অস্পষ্টতা ছিল বলে কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্ভাব্য ভোটারদের তথ্য সংশোধনের জন্য ৫৮টি আপিল জমা পড়ে। সেগুলো যাচাই-বাছাই শেষে ৭ হাজার ৫৯৬ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা অনুসারে আগামী তিন বছর (২০২৬-২০২৯) মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠনের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ৪ সেপ্টেম্বর সংগঠনের বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. এস এম রফিজুল হক। অন্য দুই নির্বাচন কমিশনার হলেন ড. এ টি এম মাসুদ রেজা এবং অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্বাচন আয়োজনের প্রাথমিক তফশিল সেপ্টেম্বরে ঘোষণা করা হয়েছিল। পরে পুনঃতফশিলের মাধ্যমে ২০ নভেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়।