‘তোমাকে দেখলে বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার সরকারের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব, হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন এক নারী শিক্ষার্থী। ‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’, এমন মন্তব্যের মাধ্যমে ওই শিক্ষক তাকে অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ জুলাই রাত ১টা ৫১ মিনিটে ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. দীপক কুমার সরকার ওই শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে বার্তা দেন। পরদিন সকাল সাড়ে ১০টায় এক বান্ধবীসহ তাকে নিজের চেম্বারে দেখা করতে বলেন। নির্দেশনা অনুযায়ী, ওই শিক্ষার্থী তার বান্ধবীকে সঙ্গে নিয়ে শিক্ষকের চেম্বারে যান।
কিছুক্ষণ পর ব্যক্তিগত কথা বলার কথা জানিয়ে শিক্ষার্থীর সঙ্গে আসা বান্ধবীকে চেম্বার থেকে বের হয়ে বাইরে অপেক্ষা করতে বলেন অভিযুক্ত শিক্ষক। বান্ধবী বের হওয়ার পর তিনি শিক্ষার্থীকে প্রশ্ন করেন, ‘তুমি পৃথিবীতে কাকে সব থেকে বেশি ভালোবাসো?’ উত্তরে শিক্ষার্থী তার বাবার কথা বললে, অভিযুক্ত শিক্ষক বাবার দিব্যি দিয়ে তাকে কথাগুলো কাউকে না বলার অনুরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরপর শিক্ষক ওই শিক্ষার্থীকে বলেন, ‘আমার জীবনে প্রথম যে প্রেমিকা ছিল, তুমি দেখতে ঠিক সেই মেয়েটার মতো। যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতরে আপস অ্যান্ড ডাউন হয়।’
এ সময় বিকেলে দিনাজপুরের বিরলে চা খেতে যাওয়া ও ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেন বলেও অভিযোগ করেন ওই শিক্ষার্থী।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ওই শিক্ষক শিক্ষার্থীর হাত ধরে হ্যান্ডশেক করেন এবং বলেন, ‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত।’
এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরে তিনি বিষয়টি পরিবারকে জানান এবং অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকেও অবহিত করেন। শিক্ষকের স্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন বলে অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী।
লিখিত অভিযোগে শিক্ষার্থী জানান, গত ১৭ জানুয়ারি তার ভাইভা অনুষ্ঠিত হয়। এর আগে ক্লাসের সিআর-এর মাধ্যমে তাকে আবারও চেম্বারে ডেকে নেন ওই শিক্ষক। আগের ঘটনা পরিবার ও শিক্ষকের স্ত্রীকে জানানোর কারণে চেম্বারে ডেকে টেবিল চাপড়ে উচ্চস্বরে কথা বলেন এবং বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। ওই শিক্ষকের অধীনে তার দুটি কোর্স থাকায় প্রশ্ন করা ও খাতা মূল্যায়নের ক্ষমতা শিক্ষকের হাতে রয়েছে উল্লেখ করে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
এ ঘটনার পর মানসিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হন ওই শিক্ষার্থী। ফলে দীর্ঘদিন ক্লাস করতে পারেননি তিনি। আগের ঘটনার জের ধরে পরবর্তীতে তাকে বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে এবং এর প্রভাব পরীক্ষার ফলাফলেও পড়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. দীপক কুমার সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি অবগত না। আর এমন তো হওয়ার কথা না। এমন কিছু আমি করিনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি, কিছুক্ষণ পর কথা বলি।’
পরবর্তীতে তার সঙ্গে আবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।







