জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলল হাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিসিএস গলির ফজিলা ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিনথিয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তিনি বিগত ৮-৯ মাস ধরে উক্ত ছাত্রীনিবাসের তৃতীয় তলার ৩০১ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।
মেসের আবাসিক শিক্ষার্থীদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে ছাত্রীনিবাসের একটি বৈঠকে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর থেকে তিনি আর কক্ষের বাইরে আসেননি। বুধবার সন্ধ্যায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ছাত্রীনিবাসের মালিক ও শিক্ষার্থীরা হাতুড়ি দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় জানালার সঙ্গে কাপড়ে ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দিনাজপুর সদর কোতোয়ালি থানা-পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি শুরু করেছে।
এ বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, প্রাথমিক আলামত পর্যবেক্ষণ করে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা পৌঁছালে পরবর্তী প্রক্রিয়া করা হবে।
