logo

বিশ্ববিদ্যালয় শিক্ষকের কাছে ‘সর্বহারা পার্টির নেতা’ পরিচয়ে চাঁদা দাবি

বিশ্ববিদ্যালয় শিক্ষকের কাছে ‘সর্বহারা পার্টির নেতা’ পরিচয়ে চাঁদা দাবি
দিনাজপুরের কোতয়ালী থানা। ছবি: থানার ওয়েবসাইট থেকে নেওয়া

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক অধ্যাপকের কাছে ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির’ নেতা পরিচয়ে চাঁদা দাবি করা হয়েছে। সেই সঙ্গে চাঁদা না দিলে স্ত্রী-সন্তানসহ আত্নীয় স্বজনকে হত্যা গুম ও বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় ওই শিক্ষক দিনাজপুরের কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের জৈব রসায়ন ও আণবিক জীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ জিডিটি করেছেন ।

জিডিতে উল্লেখ করা হয়েছে, বুধবার দুপুরে একটি অজ্ঞাত নম্বর ০১৩******৯৩ থেকে অধ্যাপক আবু সাঈদের ফোনে কল আসে। কলদাতা নিজেকে ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রধান শিকদার মহিউদ্দিন’ হিসেবে পরিচয় দেন। প্রথমে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তাৎক্ষনিক ০১৮******৭৩ নম্বর বিকাশে ২৫ হাজার টাকা পাঠাতে বলা হয়।

কলদাতার দাবি, তার কয়েকজন সহযোগী ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন এবং তাদের অস্ত্রোপচারের জন্য টাকার প্রয়োজন। তবে অধ্যাপক আবু সাঈদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি।

একপর্যায়ে ওই ব্যক্তি ২০ থেকে ২৫ জন লোক পাঠিয়ে তার বাড়ি থেকে স্ত্রী-সন্তানকে তুলে নেওয়া এবং তাদের হত্যা করার হুমকি দেন বলে জানান ভুক্তভোগী শিক্ষক।

অধ্যাপক ড. মো. আবু সাঈদ বলেন, বুধবার দুপুরে একটি অজ্ঞাত নম্বর থেকে আমাকে ফোন করে অশালীন ভাষায় গালাগাল করে এবং সর্বহারা সংগঠনের সদস্য বলে পরিচয় দেয়। একপর্যায়ে আমার কাছে চাঁদা দাবি করে। টাকা না দিলে বাড়িতে লোক পাঠানোর হুমকি দেয়। এ সময় আমার স্ত্রী-সন্তানকে হত্যার হুমকিও দেওয়া হয়। আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে দিনাজপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, জিডি নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।