ওভারটেক নিয়ে দুই চালকের বিরোধ, মীমাংসা করতে গিয়ে প্রাণ গেল যাত্রীর

নেত্রকোনায় ওভারটেক করাকে কেন্দ্র করে দুই ইজিবাইক চালকের মধ্যে মারামারি লেগে যায়। এ সময় দুই চালকের মারামারি থামাতে গিয়ে বাঁশের লাঠির আঘাতে আবু তাহের ভূঁইয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের কসবা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু তাহের ভূইয়া সদর উপজেলার কসবা গ্রামের মৃত আরশাদ ভূইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার এক বিয়ের অনুষ্ঠান থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন আবু তাহের। পথে দুটি ইজিবাইকের ওভারটেক করাকে কেন্দ্র করে চালকদের কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান যাত্রী আবু তাহের। এসময় এক চালক ও তার বাড়ির লোকজন মিলে অপর চালক ও যাত্রী আবু তাহেরের উপর হামলা চালান। হামলায় আবু তাহেরের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর জখম হন তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া চলছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটেছে। আমরা রাত আটটায় খবর পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।