বিএসটিআইয়ের সনদ ছাড়া বিদেশি কসমেটিকস বিক্রি, জরিমানা

রাজধানীর সীমান্ত সম্ভার শপিংমলে বিএসটিআইয়ের গুণগত মানসনদ (ছাড়পত্র) ছাড়া বিদেশি কসমেটিকস পণ্য বিক্রির অভিযোগে ‘কোরিয়ান শপ বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআই কর্মকর্তা মো. সাফায়েত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি। বেশ কিছু কসমেটিকস পণ্য নির্বাচন করে সেগুলোর বিএসটিআইয়ের ছাড়পত্র দেখতে চাইলে প্রতিষ্ঠানটি কয়েকটি পণ্যের ছাড়পত্র দেখাতে পারেনি। প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া এসব পণ্য বিক্রি করা ভোক্তা স্বার্থের পরিপন্থি। এ কারণে প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিকে নির্দেশনা দেওয়া হয়েছে, সব পণ্যের বিএসটিআইয়ের প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে এবং অথেন্টিক পণ্য বিক্রি করতে হবে।
বিএসটিআই কর্মকর্তা মো. সাফায়েত হোসেন বলেন, বর্তমানে দেশে অনলাইনভিত্তিক শপের সংখ্যা বেড়েছে। এসব প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের পক্ষ থেকে এর আগেও সতর্ক করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় বিএসটিআই নিয়মিত তদারকি করছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)


