ঢাকাস্থ আশুগঞ্জ সমিতির সভাপতি কাউসার, সম্পাদক নুরে আলম

এশিয়া পোস্ট নিউজ
ঢাকাস্থ আশুগঞ্জ সমিতির সভাপতি কাউসার, সম্পাদক নুরে আলম
শনিবার রাজধানীর আগারগাঁও লায়ন চক্ষু হাসপাতাল ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আশুগঞ্জ সমিতি, ঢাকা’র সাধারণ সভায় সদস্যরা। ছবি: সংগৃহীত

আশুগঞ্জ সমিতি, ঢাকা’র ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিআরএল) কাউসার আহমেদকে সভাপতি এবং পুলিশ সুপার নুরে আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

Advertisement

শনিবার (২০ জুন) রাজধানীর আগারগাঁও লায়ন চক্ষু হাসপাতাল ইনস্টিটিউটের অডিটোরিয়ামে সমিতির সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, আশুগঞ্জের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও সুসংহত করার পাশাপাশি ঢাকায় বসবাসরত আশুগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ জোরদার করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, কার্যকর ও জনকল্যাণমুখী সংগঠন গড়ে তুলতে কাজ করব।

সাবেক উপসচিব মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক অতিরিক্ত আইজিপি গোলাম মোস্তফা, অধ্যাপক মো. আলমগীর, প্রফেসর ড. এস এম হাফিজ, অ্যাডভোকেট রহমত আলী খান, অধ্যাপক শাহনাজ পারভীন, আজহারুল ইসলাম ভুইয়া, শামিম আহমেদ, মকসুদ আলী মৃধা, নাজমুল হাসান বিপ্লব, আক্তারুজ্জামান, নাজমুল হাসান হামদু, সহিদ খালিদ জামিল খান, কামরুল হাসান মোবারক, মো. মামুনুর রহমানসহ আশুগঞ্জের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

মো. আক্তারুজ্জামানের সঞ্চালনায় সমিতির গঠনতন্ত্র উপস্থাপন করেন প্রফেসর আজিজুর রহমান মোকসেদ।

ঢাকায় বসবাসরত আশুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবক, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অডিটোরিয়াম মুখর হয়ে ওঠে। দীর্ঘ ৪৮ বছর ধরে কার্যক্রম চলা সমিতির সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং আশুগঞ্জের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে সভার প্রথম অধিবেশনে সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। সদস্যদের সর্বসম্মতিক্রমে সমিতির নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয়।