গুলশানে ৭৬৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

রাজধানীর গুলশানে একটি ভবনের সপ্তম তলার দুটি কক্ষ থেকে প্রায় ৭৬৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ মিন্টু চন্দ্র সূত্রধর নামে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬১ লাখ টাকা।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে গুলশান-১ সার্কেলের এনসিসি ব্যাংক ভবনের সপ্তমতলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান অ্যাভিনিউয়ের ৫১ নম্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিন্টু চন্দ্র সূত্রধরসহ তিন থেকে চারজন পালানোর চেষ্টা করেন। পরে মিন্টুকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে মিন্টু জানান, তিনি ও পলাতক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদ মজুত করেছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভবনটির সপ্তমতলার দুটি কক্ষ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও বিক্রির ২ হাজার টাকা জব্দ করা হয়।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) গুলশান সার্কেলের পরিদর্শক মো. ইমদাদুল হকসহ সংস্থাটির একটি দল উপস্থিত ছিল।
এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মদ গুলশান থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
