গুলশানে ডাকাতির প্রস্তুতিকালে চাকুসহ আটক ১

রাজধানীর গুলশানে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো চাকুসহ মো. জীবন মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে গুলশান মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে গুলশান থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (৩০ অক্টোবর) জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে গুলশান-১-এর একটি খালি প্লটে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জীবন মিয়াকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে একটি ধারালো চাকু জব্দ করা হয়।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ১২ থেকে ১৩ জন পালিয়ে যায়।
এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
