চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে দিয়াবাড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

রাজধানীর দারুসসালামের দিয়াবাড়ি কাঁচাবাজারের ফলের আড়তে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফলের আড়তের সভাপতি ও বিএনপি নেতা জামালসহ তার অনুসারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ঘণ্টাব্যাপী দিয়াবাড়ি কাঁচাবাজারের ফলের আড়ত এলাকায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ চলে। এতে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে জানা গেছে, চাঁদাবাজি ও বাজারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনা সম্পর্কে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, গত ২৮ অক্টোবর ভ্যানগাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে দারুসসালাম থানায় একটি অভিযোগ করা হয়। ওই অভিযোগের তদন্তে শুক্রবার থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ঘটনাস্থলে যান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় শাহ আলী থানা কৃষক দলের সভাপতি জহির ও সাধারণ সম্পাদক লিটনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঘটনাস্থলে আসেন। পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তারা ফলের আড়তের সভাপতি ও বিএনপি নেতা জামাল এবং তার কর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ওসি আরও জানান, শাহ আলী থানা কৃষক দলের সভাপতি জহির ও সাধারণ সম্পাদক লিটন বহিষ্কৃত বিএনপি নেতা সোলায়মান দেওয়ান ও এসএ সিদ্দিকী সাজুর অনুসারী। অন্যদিকে দিয়াবাড়ি কাঁচাবাজারের ফলের আড়তের সভাপতি জামালের অনুসারীরা এ পক্ষের সঙ্গে বিরোধে জড়িয়েছে। এ ঘটনায় দারুসসালাম থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

