রাজধানীতে পেট্রোল বোমাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে নাশকতার অভিযোগে পেট্রোল বোমাসহ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত পেট্রোল বোমার কাচ ও স্কচটেপ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে মোহাম্মদপুর থানাধীন বসিলা তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাহীন (৩৫)। তিনি মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভোর ৬টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল বসিলা তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। সেখানে নাশকতার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে দুটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে মো. শাহীনকে দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমাসহ গ্রেপ্তার করা হয়। অন্য কয়েকজন পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার শাহীনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

