logo
Advertisement

মরদেহের গোসলঘর নির্মাণ নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

এশিয়া পোস্ট নিউজ
মরদেহের গোসলঘর নির্মাণ নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ
পল্লবীর তালাব ক্যাম্পে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ডানের ছবিতে পড়ে আছে একটি খোসা। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

রাজধানীর পল্লবী এলাকায় মরদেহ গোসল করানোর জন্য গোসলঘর নির্মাণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে মিরপুরের তালাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, পল্লবী তালাব ক্যাম্পে ১১ নম্বর ব্লকে ৪ নম্বর লাইনে মরদেহের গোসলখানা তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পক্ষের নেতৃত্বে ছিলেন বিএনপির সমর্থক সাদাকাত খান ফাক্কু। অন্যে পক্ষে ছিলেন জামায়াত সমর্থিত মানিক ও সুমন।

বাসিন্দাদের ভাষ্য, জামায়াত সমর্থক মানিক ও সুমনের নেতৃত্বে ক্যাম্পে একটি মরদেহ গোসল করানোর ঘর নির্মাণের কাজ চলছিল। এতে বাধা দেন সাক্কুর অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনাস্থলে গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশ বলছে, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে আনুমানিক ৫০-৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারী সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বাধীন ২০০-২৫০ জনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাঁচটি ফাঁকা গুলির ঘটনা ঘটেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন, তা আমাদের জানা নেই। ক্যাম্পের ভেতর গোলাগুলি হয়েছে বলে শুনেছি। কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।

লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান ওসি হাসান বশির।