logo

আচারের বয়ামে ডায়মন্ডসহ আড়াই কোটি টাকার স্বর্ণালংকার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
আচারের বয়ামে ডায়মন্ডসহ আড়াই কোটি টাকার স্বর্ণালংকার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দকৃত ডায়মন্ডসহ মূল্যবান পাথর। ছবি: এশিয়া পোস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগের ভেতরে থাকা বয়ামের ভেতর থেকে ডায়মন্ড, প্ল্যাটিনাম, রুবি ও স্বর্ণালংকারসহ বিভিন্ন ধরনের মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ রোববার (১১ অক্টোবর) বিকেলে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১০ অক্টোবর) রাতে আসা এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পায় ঢাকা কাস্টমস হাউস। পরবর্তীতে কাস্টমস কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করেন।

এ সময় এমডি জনি রহমান নামের এক যাত্রী ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। পরে তার ব্যাগ স্ক্যানিং করার সময় আচারের বয়ামের ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি পাওয়া যায়। এরপর ব্যাগেজের বিস্তারিত তল্লাশি ও ইনভেন্টরি করে বিভিন্ন ধরনের মূল্যবান অলংকার ও পাথর পাওয়া যায়।

কাস্টমস কর্মকর্তাদের বরাত দিয়ে আল-আমিন জানান, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ডায়মন্ড পাথরসংযুক্ত ৩৮৯টি স্বর্ণের আংটি, ১৫১টি প্ল্যাটিনামের আংটি, সাদা স্বর্ণের তিনটি অলংকার, রুপার দুটি আংটি, পাঁচটি স্বর্ণের লকেট, একটি স্বর্ণের চেইন এবং ৪৭২টি স্বর্ণের নাকফুল। এ ছাড়া ৪৫ ক্যারেটের বিভিন্ন আকারের ডায়মন্ড পাথর, পোখরাজ, রুবিসহ অন্যান্য পাথর এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়েছে।

জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

আল-আমিন বলেন, এ ঘটনায় বিমানবন্দর থানায় ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।