সরকার বদলেছে, কিন্তু বিচারব্যবস্থার পরিবর্তন হয়নি : শহীদ শাকিল আনোয়ারের স্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে স্বামীকে হারানোর ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন শহীদ শাকিল আনোয়ারের স্ত্রী সালমা আক্তার। স্বামীর স্মৃতিবিজড়িত একটি শার্ট হাতে নিয়ে স্মৃতিচারণের সময় বিচার না পাওয়ার হতাশা তুলে ধরেছেন। তার অভিযোগ, সরকার পরিবর্তন হলেও বিচারব্যবস্থায় পরিবর্তন আসেনি, শহীদদের হত্যার বিচারও মেলেনি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে শহীদদের স্মারক প্রদর্শনীতে এসে এসব কথা বলেন তিনি। শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দুদিনব্যাপী ৯৫০ শহীদদের স্মারক নিয়ে বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন শুরু হয়েছে।
এ সময় স্বামী শাকিল আনোয়ারের শার্টটি দেখিয়ে সালমা বলেন, ‘আমি আর আমার স্বামী মার্কেটে গিয়ে এই শার্টটি পছন্দ করে কিনেছিলাম। এটি তার খুব পছন্দের ছিল। তার শার্টটি হাতে নিয়ে মনে হচ্ছিল, সে আমার হাত ধরে টান দিচ্ছে।’
স্বামীকে হারানোর পর সরকারের কাছে প্রত্যাশার কথা বলতে গিয়ে তার কণ্ঠে ঝরে পড়ে হতাশা। তিনি বলেন, ‘এই সরকারের কাছ থেকে জীবন দিয়ে আসলে আমরা কিছুই চাই না। আমরা যে সুন্দর ভবিষ্যৎ ও সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ এখনও পাইনি। সরকার বদলেছে, কিন্তু বিচারব্যবস্থার পরিবর্তন হয়নি। শহীদদের বিচারও আমরা পাইনি।’
স্বামীকে হারানোর সেই বিভীষিকাময় দিনের স্মৃতিচারণ করে সালমা জানান, তার স্বামী শাকিল আনোয়ার ৫ আগস্ট দুপুর সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানার সামনে শহীদ হন। মাগরিবের আজানের আগে স্বামীর মোবাইল ফোনে কল দিলে অপরিচিত এক ব্যক্তি ফোনটি ধরে জানান, মেডিকেলের সামনে ফোনটি পেয়েছেন। এরপর স্বামীকে খুঁজতে বের হন সালমা। রাত সাড়ে ৩টা পর্যন্ত বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পাননি।
পরদিন ৬ আগস্ট সকাল ৬টা থেকে বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি শুরু করেন। সর্বশেষ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে স্বামীর মরদেহ খুঁজে পান।
কিন্তু সেখানেই শেষ হয়নি তার দুর্ভোগ। স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথেও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়তে হয় তাকে। সালমার অভিযোগ, ‘তৎকালীন সরকারের বাহিনীর সদস্যরা তাকে আটকে মারধর ও হেনস্তা করেন। বারবার নিজের পরিচয় দিয়ে তিনি অনুরোধ করেছিলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন, গার্মেন্টসে চাকরি করেন। শুধু স্বামীর মরদেহটি নিয়ে বাড়ি ফিরতে চান।’
সালমা বলেন, ‘একপর্যায়ে স্বামীর মরদেহ আটকে রাখা হয় এবং গাড়িতে পেট্রোল ঢালা হয়। তবে গাড়িটি পোড়ানো সম্ভব হয়নি। নানা বাধা পেরিয়ে শেষ পর্যন্ত বিকেল সাড়ে ৩টার দিকে স্বামীর মরদেহ নিয়ে শ্বশুরবাড়ি পৌঁছাই।’
স্বামী হত্যার বিচার নিয়ে নিজের অবস্থান জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সালমা। তিনি বলেন, ‘আমাদের ক্ষোভটা এখনো রয়ে গেছে। তিনি (শেখ হাসিনা) বলছেন, দেশে আসবেন। আমরা চাই, তিনি দেশে আসুন, জনসম্মুখে দাঁড়ান। তার কাছে আমার একটাই চাওয়া আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেবেন। আমার বিচার লাগবে না, আমার স্বামীকে ফিরিয়ে দিতে হবে। আর যদি ফিরিয়ে দিতে না পারেন, তাহলে আমরা বিচার চাই।’
এরপর শেখ হাসিনার মৃত্যুর খবর সত্য হলে তার মরদেহ দেশে এনে সংরক্ষণের দাবি জানান এই শহীদপত্নী। তার ভাষায়, ‘১৪০০ শহীদ পরিবারের প্রত্যেকটি পরিবার যদি তাকে একবার করে ফাঁসি দেয়, তবুও এই পরিবারগুলোর ক্ষোভ মিটবে না। কারও চোখে শান্তি ফিরবে না।’
তিনি আরও বলেন, ‘আমি চাই, তিনি যদি মারা গিয়ে থাকেন, তাহলে তার মরদেহ দেশে নিয়ে এসে মমি করে জুলাই জাদুঘরে রাখা হোক। শহীদদের স্মৃতি দেখতে যখন শহীদ পরিবারের সদস্যরা আসবেন, তখন তারা সেই লেডি ফেরাউনের জাদুঘরও দেখবেন। প্রজন্মের পর প্রজন্ম জানতে পারবে, জুলাই গণ-অভ্যুত্থানে কত মানুষ শহীদ হয়েছেন, কত মানুষ আহত হয়েছেন, কত মানুষ চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন।’
সালমার দাবি, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জনসম্মুখে এসে শহীদ পরিবার ও আহতদের মুখোমুখি হতে হবে। আর তিনি মারা গিয়ে থাকলে তার মরদেহ দেশে এনে মমি করে সংরক্ষণ করতে হবে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে।


