প্রবাসীর ২২ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে চম্পট, গ্রেপ্তার বন্ধু

রাজধানীর উত্তরা থেকে প্রবাসী বন্ধুর প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপ নিয়ে চম্পট দেওয়া নুর হোসেন সোহাগকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। খোয়া যাওয়া মালামালসহ তাকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) উত্তরার উপপুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ। তিনি জানান, লক্ষ্মীপুর সদর থেকে রোববার (১৪ জুন) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারের সময় সোহাগের কাছ থেকে ৯ ভরি ওজনের ১০টি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন, দুটি গলার হাড়, একটি স্যামসাং এস-২৬ আলট্রা মোবাইল, একটি সনি এক্সপেরিয়া মোবাইল, একটি এইচপি ল্যাপটপ উদ্ধার করা হয়।
এর আগে উত্তরা ৭ নম্বর সেক্টরের হাউস বিল্ডিং থেকে গত ১১ জুন দুপুর ১২টার দিকে এ মালামাল লুটের ঘটনা ঘটে।
ডিসি তারেক আহমেদ বেগ বলেন, ভুক্তভোগী দুবাই প্রবাসী রিপন চৌধুরী দীর্ঘদিন ধরে দুবাইয়ের আজমান শহরে কর্মরত। তার সহকর্মী ও একই এলাকার বাসিন্দা নুর হোসেন। দুবাইতে চাকরির সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।
তিনি বলেন, তারা গত ১১ জুন দুপুরে একই বিমানে দেশে ফেরেন। রিপন সরল বিশ্বাসে সোহাগের কাছে ২১ লাখ ৬০ হাজার টাকার ৯ ভরি স্বর্ণালংকার, মোবাইল ও ল্যাপটপ রাখতে দেয়। পরে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় পরিবারের জন্য কেনাকাটা করতে যান রিপন। কেনাকাটা শেষ করে এসে দেখেন সোহাগ তার রেখে যাওয়া স্বর্ণালংকারসহ অন্য ডিভাইস নিয়ে পালিয়েছেন।
তিনি আরও বলেন, মালামাল হারিয়ে হতভম্ব হয়ে পড়েন রিপন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়। পরে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর সদরে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করে।
