সাহিত্য আড্ডায় তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনালেন রাহিতুল ইসলাম

জনপ্রিয় কথাসাহিত্যিক রাহিতুল ইসলামকে নিয়ে এক সাহিত্য আড্ডার আয়োজন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরাম’। আড্ডায় তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শুনিয়েছেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় ১০০ ফিট মাদানী এভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে অবস্থিত প্রথমা বুক ক্যাফেতে ‘পথের শেষে নয়, পথচলাতেই আমরা’ শিরোনামে এই আড্ডা অনুষ্ঠিত হয়। আলবেরো স্টুডিওয়ের পরিবেশনায় এবং প্রথমার প্রকাশনীর সহযোগিতায় এর আয়োজন করা হয়।
আয়োজক কর্তৃপক্ষ জানান, দৈনন্দিন জীবনের গণ্ডি পেরিয়ে তরুণ প্রজন্মের সম্পর্ক, নতুন স্বপ্ন, জীবনের অভিজ্ঞতা ও আগামীর পথচলা নিয়ে আলোচনা করতেই এই বিশেষ সন্ধ্যার আয়োজন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ও প্রধান অতিথি কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম।
কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম বলেন, ‘প্রথমা বুক ক্যাফের চমৎকার এই বিকেলে আপনাদের সঙ্গে আড্ডায় যুক্ত হতে পেরে বেশ ভালো লাগছে। বিশেষ করে আজকের থিমটি আমাকে ভীষণ টেনেছে- ‘পথের শেষে নয়, পথচলাতেই আমরা’। আমরা প্রায়ই একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো বা চূড়ান্ত সফলতা পাওয়ার জন্য বড্ড তাড়াহুড়ো করি। কিন্তু আসল জীবন তো কেবল গন্তব্য নয়, বরং প্রতিদিনের চেষ্টা, নতুন কিছু শেখা, শেখার পথ ধরে বদলে যাওয়া এবং হেরে গিয়েও আবার ঘুরে দাঁড়ানোর এই সুন্দর জার্নি বা পথচলাটাই মূল কথা।’
তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি যখন তরুণদের জীবনসংগ্রাম, ফ্রিল্যান্সিং কিংবা প্রযুক্তিনির্ভর নতুন নতুন উদ্যোগের গল্প নিয়ে লিখি, তখন তাদের ওই কঠিন ও রোমাঞ্চকর পথচলাটাই আমাকে সবচেয়ে বেশি টানে। কারণ পথের প্রতিটি মোড়, প্রতিটি ব্যর্থতাই একেকটা বড় শিক্ষা। তাই বলব, চূড়ান্ত ফলাফল কী হবে তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে, আপনার বর্তমান সংগ্রাম ও চেষ্টাটাকে ভালোবাসতে শিখুন। নিজের ওপর বিশ্বাস রেখে কাজটা সততার সঙ্গে করে যান, ঠিক সময়ে সঠিক গন্তব্যে আপনি পৌঁছাবেনই।’
ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরামের মডারেটর ও অর্থনীতি বিভাগের প্রভাষক তানজিলা আমীর তমা বলেন, তরুণদের সৃজনশীল চিন্তাভাবনা ও সাহিত্যপ্রীতিকে এগিয়ে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সাহিত্যপ্রেমী ও তরুণ লেখক-পাঠকদের এই প্রাণবন্ত আড্ডায় উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথমা প্রকাশনীর হুমায়ুন কবির, বাংলাদেশে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, বৃত্ত বিল্ডার্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম, স্কিলআপারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন, ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরামের সভাপতি লুৎফুল খবীর রাউফু, সহ-সভাপতি পূরব খান ও অর্থ সম্পাদক বদরুল আলম লিয়ন প্রমুখ।
