রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে।
শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুনের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চালক ও সহকারী হঠাৎ বাসটিতে আগুন দেখতে পান। পরে তারা দ্রুত বাসের আসনগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এশিয়া পোস্টকে বলেন, পল্লবী মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ সদস্য ও স্থানীয়রা উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ফেলে।
তিনি আরও বলেন, এই বাসে আগুন দেওয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত। কারণ বাসের ভেতরে পেট্রল ঢালা হয়েছিল। আগুন নেভানোর পর এর নমুনা পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

