ঢাকায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাড়িতে ভাঙচুর, আগুন

রাজধানীর কাফরুলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শিলা আক্তার।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। এতে বাড়িটির নিচতলার গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে। ভাঙচুর করা হয়েছে বাড়ির কেয়ারটেকারের কক্ষও।
কাফরুল থানার এএসআই শিলা আক্তার বলেন, ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে বাড়িটিতে এসে ভাঙচুর ও আগুন দেয়। পরে স্থানীয় লোকজন ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর (মিডিয়া) শাহাজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের সদর দপ্তর কিংবা কন্ট্রোল রুমে আগুনের কোনো তথ্য আসেনি। তবে মিরপুর ফায়ার স্টেশনে একটি বাড়িতে আগুন লাগার খবর এসেছিল। পরে গাড়ি বের হওয়ার পর জানানো হয়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সরকার পরতনের পর থেকে সাচ্চু ‘আত্মগোপনে’ আছেন।


