এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, ২ ব্যবসায়ীকে জরিমানা

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) সায়েন্স ল্যাবরেটরি থেকে বাটা সিগন্যাল মোড় পর্যন্ত এলাকা জুড়ে এই অভিযান চালানো হয়।
অভিযানে ভুয়া ট্রেড লাইসেন্স প্রদর্শন এবং সিটি কর্পোরেশনের নিয়ম লঙ্ঘনের দায়ে দুই জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে কর্পোরেশনের রাজস্ব ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা সার্বিক সহায়তা প্রদান করেন।
অভিযান চলাকালে রাস্তার দুই পাশের সব ধরণের অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, সাইনবোর্ড কর পরিশোধের নথি এবং ফুটপাতে অবৈধভাবে মালামাল বা সাইনবোর্ড রাখা হয়েছে কি না—তা যাচাই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানের সময় দোকান, রেস্তোরাঁ ও ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে ফুটপাতে পানি ফেলে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি ও এডিস মশার লার্ভা সৃষ্টির ঝুঁকি নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্ছেদ অভিযানকালে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ অনুযায়ী দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জনস্বার্থে ও নগরবাসীকে সুশৃঙ্খল ফুটপাত উপহার দিতে সিটি কর্পোরেশনের এ ধরনের উচ্ছেদ ও তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসির জনসংযোগ বিভাগ।
