logo

সূত্রাপুরে চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

সূত্রাপুরে চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুর এলাকায় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিক সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজু আহমেদ শিপলু (৩৭), ইরফান অমি (৩৮) ও মো. আলমগীর (৫০)।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর একটি বাসায় অভিযান চালিয়ে এক জোড়া স্বর্ণের ঝুমকা, একটি টেলিভিশন, একটি স্মার্টফোন ও নগদ ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, সূত্রাপুর থানার উল্টিনগঞ্জ লেনের একটি বাসার ভাড়াটিয়া গত ৩১ মে বাসায় তালা দিয়ে ঢাকার বাইরে যান। ৩ জুন সকালে বাসায় গিয়ে দরজার তালা ভাঙা এবং বাইরে থেকে ছিটকিনি লাগানো দেখা যায়। পরে ভাড়াটিয়া ফিরে এসে ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান এবং স্বর্ণালঙ্কার, টেলিভিশন ও নগদ অর্থসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল চুরির বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় সূত্রাপুর থানায় মামলা করা হয়। পরে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ চক্রটির সদস্যদের শনাক্ত করে। সোমবার সূত্রাপুর ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শিপলুর যাত্রাবাড়ীর বাসা থেকে চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।