দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল ব্যাংক কর্মকর্তার মরদেহ

রাজধানীতে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে মুগদার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে তানভীর হোসেইন শুভর কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। একই সঙ্গে বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বলেন, প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে একটি কক্ষ থেকে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ মুহূর্তে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
