জাম পাড়ার বিরোধে নিভে গেল ইয়াছিনের জীবন

চাঁদপুরে গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে বাঁশের লাঠির আঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে শহরের যমুনা রোড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াসিন (১৪) ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। অভিযুক্ত কিশোর মুসা প্রধানিয়া (১৭) একই এলাকার প্রধানিয়া বাড়ির সাদেক প্রধানিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকার একটি জামগাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে মুসা ও একই এলাকার শাহজাহান মালের ছেলে মো. মেহেদী হাসানের বাকবিতন্ডা হয় এবং মেহেদীকে মুসা মারধর করে। ওই সময় ইয়াছিন এগিয়ে এসে মারার কারণ জানতে চাইলে মুসা হাতে থাকা বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলে ইয়াছিন লুটিয়ে পড়লে মুসা আরও পেটাতে থাকে। পরবর্তীতে স্থানীয়রা আহত ইয়াছিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
মারধরের শিকার মেহেদীর মা ইনুন নেছা বলেন, মূলত আমার ছেলের সঙ্গে মুসার বিবাদ হয়। তাকে বাঁচাতে গিয়ে ইয়াছিন মারধরের শিকার হয়। তার আরেক ভাই পানিতে ডুমে মারা গেছে। খুবই নিরীহ পরিবারের ছেলে ইয়াছিন। লাশ এ্যাম্বুলেন্সে বাড়িতে আনার পর বিকেলে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। ইয়াছিনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
