logo

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ডয়েচে ভেলে

ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ শ্যামল (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ শ্যামল রাজধানীর পল্টন থানার শান্তিনগর এলাকার শামসুদ্দিনের ছেলে। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদি নম্বর ৫৯৮৩/এ হিসেবে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কারারক্ষী সাইমন রহমান জানান, মঙ্গলবার দুপুরের দিকে কারাগারে থাকা অবস্থায় শ্যামল হঠাৎ তীব্র বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের আগে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।