ব্যবসায়িক কাজে ঢাকায় এলেন যুবক, মরদেহ মিলল খালে

রাজধানীর ডেমরা থানাধীন পশ্চিম হাজিনগর এলাকায় ডিএনডি খাল থেকে মোহাম্মদ জীবন মিয়া (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, আমরা সকাল ৮টার দিকে খবর পেয়ে ডেমরা থানার পশ্চিম হাজিনগর প্রাইম কেয়ার ডায়াগনস্টিক হাসপাতালের ৩০ গজ পশ্চিম দিকে ডিএনডি খাল থেকে আমরা মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের ধারণা, নিহত ব্যক্তি ওই খালপাড়ে গিয়েছিলেন এবং এখানে একটি বৈদ্যুতিক খুঁটি ছিল। তাতে হাত লেগে বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে খালে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত জীবনের ভায়রা ভাই মো. শান্ত জানান, নিহত জীবন মাছচাষের পাশাপাশি মার্কেটের দোকান ভাড়া দিয়েই চলতেন। গতকাল তার নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসা থেকে টিপু নামের এক ছেলের সঙ্গে ঢাকায় আসেন। প্রতিদিন রাত ৮টা থেকে ৯টার মধ্যে বাসায় ফিরে আসতেন তিনি। কিন্তু গতকাল রাত ১০টার পরও না এলে তার মোবাইলে ফোন দেওয়া হয় কিন্তু ফোন বন্দ পাচ্ছিলাম।
তিনি আরও বলেন, পরে ডেমরা থানা থেকে ভোরের দিকে পুলিশ আমাদের ফোন দিলে আমরা গিয়ে তার মরদেহ শনাক্ত করি। জীবনের তো কোনো শত্রু ছিল না। আমাদের দাবি, জীবনকে কে বা কারা হত্যা করে ওই জায়গায় রেখে গেছে।
মো. শান্ত জানান, নিহত জীবন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দড়িকান্দি এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে। তার একটি স্ত্রীর নাম তানজিলা আক্তার। তদের একটি কন্যাসন্তান রয়েছে।


