প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার নামে মামলা

রাজধানীর খিলক্ষেতে ১২ বছর বয়সি এক প্রতিবন্ধী শিশুকে চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা ইমামুল হাসান বাপ্পীর (৩১) বিরুদ্ধে। মামলা হলেও এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (২১ নভেম্বর) রাতে এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় খিলক্ষেত থানায় বাদী হয়ে মামলাটি করেন ভুক্তভোগী শিশুটির পালক বাবা।
মামলায় অভিযুক্ত ইমামুল হাসান বাপ্পী খিলক্ষেত থানা ছাত্রদলের সহসভাপতি। তার বাবার নাম নাজমুল হোসেন ও মায়ের নাম বকুল আক্তার। তিনি নিকুঞ্জ-২ এলাকার খ/১০৮ নম্বর বাসার স্থায়ী বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির পালক বাবা জীবিকার তাগিদে সিএনজি চালান এবং মা নিকুঞ্জ-২ এলাকার ১ নম্বর সড়কে চা বিক্রি করেন। তারা টানপাড়া জামতলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। অভিযুক্ত বাপ্পীও একই এলাকার পাশের একটি ঘরে ভাড়া থাকতেন।
গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা-বাবা কাজের প্রয়োজনে বাসার বাইরে ছিলেন। এ সুযোগে চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে কথা বলতে অক্ষম শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন বাপ্পী। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কাজ শেষে বাসায় ফিরে শিশুটিকে অসুস্থ, রক্তাক্ত ও বিপর্যস্ত অবস্থায় দেখতে পান তার মা-বাবা। পরে শিশুটির শারীরিক অবস্থা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্যাতনের বিষয়টি জানতে পারেন তারা। প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় নিয়মিত মামলা হয়েছে। মামলাটি ১৫ নম্বর। শনিবার মামলার নথিপত্র আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

