নিউ গিনি প্রপার্টিজে জমি নিয়ে সংঘর্ষ, নারীসহ গ্রেপ্তার ১৪

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজ-এ জমি কেনাবেচা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে নিউ গিনি প্রপার্টিজের ভেতরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ। সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন বলে রাত পৌনে ১১টার দিকে ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনুমানিক ১০০ থেকে ১৫০ জনের একটি দল নিউ গিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা সেখানে ভাঙচুর ও মারামারিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে ১০ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, উভয় পক্ষের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, জমি কেনাবেচা নিয়ে আর্থিক লেনদেন ও বিরোধের জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত। তবে বিরোধের বিস্তারিত কারণ এবং ঘটনার সাথে কারা কীভাবে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
