মিরসরাইয়ে একই স্থানে সকালে বৃদ্ধ, বিকেলে বৃদ্ধা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকালে ও বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আবুল কালাম (৭৮) ও রিজিয়া বেগম (৭৫)। আবুল কালাম উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তিনঘরিয়াটোলা গ্রামের কালা মিয়া সারেং বাড়ির মৃত আবদুল হকের ছেলে। রিজিয়া বেগম ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুরের ফরায়েজি বাড়ির মৃত আহসান উল্লাহর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ছোট কমলদহ এলাকায় মেয়ের বাড়িতে গিয়েছিলেন আবুল কালাম। সেখান থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
অন্যদিকে, রিজিয়া বেগম বিয়েবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

