ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রাজধানীর তুরাগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনার ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তুরাগ থানাধীন খালপাড় ব্রিজসংলগ্ন পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পুলিশের ক্রাইম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে তার বিরুদ্ধে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘দিঘলিয়া ও ফুলতলা থানায় দায়ের করা মামলাগুলোর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগেও মামলা রয়েছে সাদ্দামের বিরুদ্ধে।’
গ্রেপ্তার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
