logo

স্তন ও জরায়ুমুখের ক্যানসার নিয়ে ক্লাব নটরডেমিয়ান্সের সচেতনতা কর্মশালা

স্তন ও জরায়ুমুখের ক্যানসার নিয়ে ক্লাব নটরডেমিয়ান্সের সচেতনতা কর্মশালা
ছবি : এশিয়া পোস্ট

স্তন ক্যানসার, জরায়ুমুখের ক্যানসার ও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্লাব নটরডেমিয়ান্সে ফাদার পিশোতো অডিটরিয়ামে এ আয়োজন করে নটরডেমিয়ান-৯৯।

অক্টোবরে স্তন ক‍্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত আলোচনায় স্তন ও জরায়ুমুখের ক্যানসার সম্পর্কে সচেতনতা, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্যাভ্যাস নিয়েও আলোচনা করা হয়।

ক্লাবের সদস্য ও পরিবারদের নিয়ে এ আয়োজনে আগ্রহীদের জন্য বিনামূল্যে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের ব্যবস্থাও রাখা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাব নটরডেমিয়ান্সের সভাপতি ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান নাসের বখতিয়ার। মূল আলোচনা উপস্থাপন করেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আমান রেজা। সেশনে একাধিক ক্যানসার বিশেষজ্ঞ অংশ নেন।

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের জন্য কুইজের আয়োজন করা হয়। সেশনে আলোচিত বিষয়গুলোর ওপর প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।