Advertisement

উত্তরার মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা ছয় শতাধিক দোকানপাট উচ্ছেদ

এশিয়া পোস্ট প্রতিবেদক
উত্তরার মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা ছয় শতাধিক দোকানপাট উচ্ছেদ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে হাউজবিল্ডিং পর্যন্ত সড়কে বুধবার উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর উত্তরার মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা ছয় শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

Advertisement

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে হাউজবিল্ডিং পর্যন্ত সড়কে বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেলি। এ সময় ডিএনসিসির জোন-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়াও তিন প্লাটুন পুলিশ ফোর্স, দেড় শতাধিক পরিচ্ছনতা কর্মী উপস্থিত ছিলেন। অভিযানকালে বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানা পুলিশও সহযোগিতা করেন।

এ বিষয়ে ডিএনসিসির জোন-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এশিয়া পোস্টকে বলেন, ‘প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে, ক্লিন সিটি, গ্রিন সিটি। ঢাকা মহানগরকে ক্লিন এবং গ্রিন—দুটি জিনিসই বাস্তবায়ন করার মূল দায়িত্ব বর্তায় সিটি করপোরেশনের। এরই ধারাবাহিকতায় উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর জোনের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের হকারমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে অভিযান চালানো হয়েছে। এর আগে গত ৬ আগস্ট খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।’

বিমানবন্দর রোডটি ভিআইপি রোড জানিয়ে মোহাম্মদ কামাল হোসেন বলেন, বাংলাদেশের প্রধান বিমানবন্দরটি এখানেই অবস্থিত। এই বিমানবন্দরে দেশের এবং বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াত আছে। ফলে এই রাস্তাটিকে পরিস্কার-পরিচ্ছন্ন হকারমুক্ত রাখা, ফুটপাত দখল করে অবৈধ দোকানদার মুক্ত রাখার জন্য আমাদের চেষ্টা রয়েছে।’

মহাসড়কের পশ্চিম পাশে দেড় শতাধিক এবং পূর্ব পাশে পাঁচ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি। তিনি জানান, উচ্ছেদের পাশাপাশি বর্জ্যগুলো পরিচ্ছন্নতাকর্মী দিয়ে সরিয়ে ফেলা হচ্ছে।

উচ্ছেদ অভিযানের দুই তিন আগে মাইকিং করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মাইকিং করা হয়েছে যেন অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়া হয়। পরে অনেকেই সরিয়ে নিয়েছে। যারা ছিল তাদের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।’