logo

ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু করল ডিএসসিসি

ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু করল ডিএসসিসি
ব্যাটারিচালিত রিকশা। ফাইল ছবি

রাজধানীতে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নগর ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে অটোরিকশাচালকদের হাতে নিবন্ধন ফরম তুলে দেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

এ সময় তিনি জানান, ফরম সংগ্রহ বা জমা দেওয়ার অর্থ ই-রিকশা চলাচলের অনুমতি নয়। আবেদন যাচাইয়ের পর বুয়েটের কারিগরি ছাড়পত্র নিতে হবে। নির্ধারিত ওয়ার্কশপে তৈরি করতে হবে এসব রিকশা।

আবদুস সালাম আরও জানান, পাশাপাশি থানা অথবা ওয়ার্ডভিত্তিক চার্জিং পয়েন্ট এবং কোন এলাকায় কতটি ই-রিকশা চলবে, তা পরবর্তী সময়ে নির্ধারণ করবে সিটি করপোরেশন।

এর আগে সোমবার (২ নভেম্বর) থেকে দেশের ১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত ৩ চাকার ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে যানবাহনগুলোকে আইনি নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। পরে পর্যায়ক্রমে ভাড়া নির্ধারণ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে বলে জানানো হয়।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সিটি করপোরেশন এলাকায় ধীরগতির ব্যাটারিচালিত তিন চাকার যান (ই-রিকশা) চলাচল-সংক্রান্ত বিধিমালা নিয়ে ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘বহু বছর ধরে কোনো আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ কাঠামো ছাড়াই চলাচল করা ই-রিকশাগুলোকে নিবন্ধনের মাধ্যমে আইনি ব্যবস্থাপনায় আনা হবে। ২০২৬ সালে জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ সংশোধনের মাধ্যমে ই-রিকশা নিবন্ধনের আইনি ভিত্তি তৈরি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইনের ১২০ ধারায় এ-সংক্রান্ত বিধান যুক্ত করা হয়েছে। বিধিমালা প্রণয়নের পর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে তা সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে। ফলে নিবন্ধন কার্যক্রম শুরু করতে এখন আর কোনো আইনি বাধা নেই।’

নাছির আহমেদ

সম্পাদনা

নাছির আহমেদ

অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর | এশিয়া পোস্ট