logo

দিনের বেলাতেই রাজধানীতে নেমেছে রাত, মুষলধারে বৃষ্টি

দিনের বেলাতেই রাজধানীতে নেমেছে রাত, মুষলধারে বৃষ্টি
দুপুরের দিকে মেঘের কারণে যেন রাত নেমে আসে রাজধানীতে। ছবি: সংগৃহীত

দিনের আলোর মধ্যেই যেন রাত নেমে এলো রাজধানীতে। কালো মেঘে ঢেকে যায় পুরো আকাশ, আর তার পরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টার পর থেকেই আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে। ধীরে ধীরে কমে আসে দিনের স্বাভাবিক আলো। রাজধানীর বিভিন্ন এলাকায় নেমে আসে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এরপর শুরু হয় বজ্রসহ ভারী বৃষ্টি।

ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী ছেড়েছে অনেকেই। কিন্তু যারা এখনও কাজের ব্যস্ততায় রাজধানী রয়েছেন তারা এই বৃষ্টির মধ্যে পড়েছে বিপাকে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট।

রাজধানীর নিউমার্কেট, মিরপুর, মালিবাগ, মৌচাক, বাড্ডা ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। হঠাৎ এমন আবহাওয়ায় ছাতা ছাড়া বের হওয়া মানুষ পড়েন চরম বিপাকে। অনেককে দোকানপাট ও ফুটওভার ব্রিজের নিচে আশ্রয় নিতে দেখা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময়ে বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টি বা ঝড়ের সময় তা অস্থায়ীভাবে দিক পরিবর্তন করে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

অন্য দিকে কালবৈশাখী ঝড়ের কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ২০ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টার পর থেকে নদী অববাহিকায় দমকা ও ঝড়ো বাতাস শুরু হয়। একপর্যায়ে বৃষ্টি এবং ঝড়ের তীব্রতা বেড়ে গেলে নৌরুটে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

একইসঙ্গে ভারী বৃষ্টির কারণে সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।