আদাবরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

রাজধানীর আদাবর থানা এলাকার একটি বাসা থেকে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাকিব মাহমুদ (২০), আ. রহমান ওরফে অর্পণ (২২), মো. মিশকাত আলম ভূঁইয়া (২৬), মো. রহমান শুভ (১৯), সৈকত হোসেন সম্রাট (২২) ও মো. বিজয় (২০)।
আদাবর থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে পুলিশ জানতে পারে, আদাবর থানার ১৬ নম্বর রোডের একটি বাসায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন কর্মী রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন।
সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশের একটি দল রাত ১০টা ৫ মিনিটের দিকে ওই বাসায় অভিযান চালায়। এ সময় বাসার ভেতর থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় আদাবর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
