ডেমরায় ১২৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় ১২৭ পিস ইয়াবাসহ মো. রবিউল হোসেন ওরফে রবি (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৪ হাজার ১৫০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ডেমরা থানার সারুলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পরবর্তীতে রোববার (২৫ অক্টোবর) দুপুরে এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার লিজা আক্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল সারুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রবিউল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা ১২৭ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার ১০০ টাকা।
এসআরবি কর্মকর্তা লিজা বলেন, গ্রেপ্তার রবিউল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ডেমরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার লক্ষ্যে তাকে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বলেও এসআরবি জানিয়েছে।

