logo

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: ডয়েচে ভেলে

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ জাকির হোসেন (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. আতিয়ার শেখ জানান, কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে জাকির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, জাকির হোসেনের হাজতি নম্বর ৩৮৩১৫/২৬। তিনি ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুর রশিদের ছেলে। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি কারারক্ষী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট