logo

পূর্ব জুরাইনে বাসা থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

পূর্ব জুরাইনে বাসা থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

রাজধানীর কদমতলী থানার শ্যামপুরের পূর্ব জুরাইন ব্রিজ মদিনা মসজিদ রোড এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ জনি (২৯) নামে এক অটোরিকশাচালকের রক্তাক্ত পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল-আমিন খান জানান, খবর পেয়ে পূর্ব জুরাইনের শ্যামপুর ব্রিজ মদিনা মসজিদ রোডসংলগ্ন মা মঞ্জিলের একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে রক্তাক্ত পচাগলা মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত জনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন বলেও স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যার পর বাইরে থেকে কক্ষটি তালাবদ্ধ করে রাখা হয়। ওই কক্ষ থেকে একটি কাঁচি ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত জনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বালুরচর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি পরিবার নিয়ে পূর্ব জুরাইন শ্যামপুর ব্রিজ এলাকার ১৪৯০/এ নম্বর মা মঞ্জিলের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

বাসার মালিক শিখা আক্তার জানান, নিহতের স্ত্রী রোকেয়া আক্তার পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে এক সপ্তাহ আগে স্বামীর বাসা ছেড়ে বাবার বাড়িতে চলে যান। বুধবার সকালে তিনি বাসায় এসে তাকে কক্ষটি খুলে দিতে বলেন। পরে তারা কক্ষের দরজায় তালা দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝে থেকে জনির পচাগলা মরদেহ উদ্ধার করে।