ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় অনিয়ম, জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ প্রদান এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের বিরুদ্ধে।
এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে নিজের স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকের নিলামে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যাংকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে অভিযানের বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা।
তিনি জানান, এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তার সঙ্গে ছিলেন উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও কোর্ট সহকারী (এএসআই) বেলাল হোসেন।
দুদক কর্মকর্তা শেখ গোলাম মাওলা আরও জানান, হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ প্রদান এবং সরকারি অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রী জেসমিন রহিমের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘জায়েদী ট্রেডার্স’-এর অনুকূলে যমুনা ব্যাংকের নিলামে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই এই অভিযান চালানো হয়।
অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম যমুনা ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও শাখা পরিদর্শন করে এবং নিলাম-সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে। নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়ায় অবস্থিত ‘জায়েদী ট্রেডার্স’ ওই নিলামে বিজয়ী হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের স্ত্রী জেসমিন রহিম। প্রাথমিক তদন্তে দুদক টিম মনে করছে, এই নিলাম প্রক্রিয়ায় তত্ত্বাবধায়কের প্রভাব বিস্তারের সম্ভাবনা ও স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) রয়েছে।
দুদক জানিয়েছে, অভিযানে সংগৃহীত নথিপত্র ও তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে এবং প্রাপ্ত নথিপত্র যাচাইয়ের পরই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েল বলেন, অভিযোগগুলো সত্য নয়। হাসপাতালের পক্ষ থেকে সব কাগজপত্র সরবরাহ করা হয়েছে। এ বিষয়ে এর আগেও সরকারি পর্যায়ে তদন্ত হয়েছে এবং অনেকেই অভিযোগ করেছিলেন। তবে তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। দুদক বর্তমানে আবারও তদন্ত করছে, তাদের কাছেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে।
দুদকের উপপরিচালক শেখ গোলাম মাওলা বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে এবং সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নথিপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। পরবর্তী সিদ্ধান্ত কমিশন গ্রহণ করবে।





