logo

বাচ্চাসহ চিতাবাঘের দেখা মিলল ঠাকুরগাঁও সীমান্তে, আতঙ্কে গ্রামবাসী

বাচ্চাসহ চিতাবাঘের দেখা মিলল ঠাকুরগাঁও সীমান্তে, আতঙ্কে গ্রামবাসী
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর ওপারে বাচ্চাসহ ঘুরছে চিতাবাঘ। ছবি: এশিয়া পোস্ট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর ওপারে বাচ্চাসহ একটি বড় চিতাবাঘের দেখা মিলেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ধনতলা ইউনিয়নের সোভনপাড়া গ্রামসংলগ্ন এলাকায় স্থানীয় এক যুবক মোবাইল ফোনে বাঘটি ও তার বাচ্চার ছবি ধারণ করেন। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় যুবক মেহেদী হাসান জানান, নাগর নদীতে মাছ ধরার কারেন্ট জাল তুলতে গিয়েছিলেন তিনি। এ সময় নদীর ওপারে বাচ্চাসহ একটি বড় বাঘ দেখতে পান। পরে তিনি মোবাইল ফোনে বাঘটির ছবি তোলেন।

স্থানীয় বাসিন্দা আকাশ আলী বলেন, তিন-চার দিন আগেও একই সীমান্ত এলাকায় বাঘ দেখা গিয়েছিল। বেশ কয়েকজন বাঘটি দেখেছেন। বারবার বাঘের উপস্থিতি দেখা যাওয়ায় এলাকাবাসী উদ্বিগ্ন।

স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ বলেন, কয়েক দিন আগেও এখানে বাঘ দেখা গেছে। আজ আবার বাচ্চাসহ দেখা যাওয়ায় আমরা আতঙ্কিত। আমাদের আশঙ্কা, যে কোনো সময় বাঘ নদী পেরিয়ে লোকালয়ে চলে আসতে পারে।

খবর পেয়ে ধনতলা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিজিবি জানায়, বাঘ দেখতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় স্থানীয়দের ভিড় জমেছে। এ কারণে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।