logo

নিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করে বৃক্ষরোপণ, ফের হকারদের দখলে

নিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করে বৃক্ষরোপণ, ফের হকারদের দখলে
কোলাজ। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়ে বৃক্ষরোপণ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে অভিযানের ১২ দিন পার না হতেই আবারও ফুটপাতের বিভিন্ন অংশে বসতে শুরু করেছেন হকাররা। এতে আগের মতোই পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস ছালামের উদ্যোগে নিউমার্কেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে প্রিয়াঙ্গন শপিংমলের সামনে থেকে অভিযান শুরু হয়। পরে নিউমার্কেটের ২ নম্বর গেটসংলগ্ন সড়কের ফুটপাত থেকে অবৈধ দোকান ও ভ্রাম্যমাণ রিকশার দোকান উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান শেষে গত ১ নভেম্বর বিকেল ৩টার দিকে দখলমুক্ত করা ফুটপাতের বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছ রোপণ করা হয়। এতে ফুটপাতটি দখলমুক্ত রাখার পাশাপাশি পরিবেশবান্ধব ও পথচারীবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।

তবে সরেজমিনে দেখা যায়, উচ্ছেদের পর অল্প কয়েক দিনের ব্যবধানেই ফুটপাতের বিভিন্ন অংশে আবারও দোকান বসাতে শুরু করেছেন হকাররা। প্রিয়াঙ্গন শপিংমল, গ্লোব শপিংমল, নূরজাহান সুপার মার্কেট গাউছিয়া মার্কেটসহ নিউমার্কেটের ফুটপাত হকারেরা আবারও দখল করেছে। এতে ফুটপাতের ওপর দিয়ে স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। ফলে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে নিউমার্কেটের ২ নম্বর গেটসংলগ্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। সেখানে ফুটপাতের বিভিন্ন অংশে হকারদের দোকান বসিয়ে ব্যবসা করতে দেখা গেছে। এতে উচ্ছেদ অভিযানের পর তৈরি হওয়া স্বাভাবিক চলাচলের পরিবেশ আবারও বিঘ্নিত হচ্ছে।

পথচারী আব্দুল খালেক বলেন, আমি নিউমার্কেটের গাউছিয়া মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলাম। কেনাকাটা শেষে মার্কেট থেকে বের হয়ে রাস্তায় আসতেই দেখি ফুটপাতের আগের সেই চিত্র ফিরে এসেছে। হকাররা আবারও ফুটপাতের বিভিন্ন জায়গায় দোকান বসাতে শুরু করেছেন। অনেক জায়গায় দোকান ফুটপাত ছাড়িয়ে সড়কের ওপরও চলে এসেছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, নিউমার্কেট এলাকায় যানজটের অন্যতম কারণ ফুটপাত দখল করে দোকান বসানো। ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ না থাকায় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়কে নামতে হচ্ছে। এতে যানজট বাড়ার পাশাপাশি আমাদের মতো সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। উচ্ছেদ অভিযান চালিয়ে গাছ লাগানোর পরও যদি আবার আগের অবস্থা ফিরে আসে, তাহলে এমন উদ্যোগের সুফল পাওয়া যাবে না।

আরেক পথচারী সাইফুল ইসলাম বলেন, কয়েক দিন আগেও এই ফুটপাতটি বেশ পরিষ্কার ও সুন্দর ছিল। অবৈধ দোকান উচ্ছেদ করে গাছ লাগানোর ফলে এলাকাটি দেখতে ভালো লাগছিল। আমরা ভেবেছিলাম, এবার হয়তো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারব। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও আগের মতো দোকানপাট বসতে শুরু করেছে। এতে ফুটপাতের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলেও সমস্যা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রশাসন অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করলেও পরবর্তী সময়ে নিয়মিত তদারকি না থাকলে হকাররা আবারও সেখানে বসার সুযোগ পান। তাই শুধু উচ্ছেদ অভিযান নয়, ফুটপাত দখলমুক্ত রাখতে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি পথচারীদের চলাচলের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি প্রয়োজন।

এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এশিয়া পোস্টকে বলেন, ফুটপাত দখলের পেছনে শুধু হকারদের দায়ী করলে সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করা সম্ভব হবে না। তার মতে, হকারদের ফুটপাতে বসানোর পেছনে একটি প্রভাবশালী চক্র কাজ করে, যারা এ কার্যক্রম থেকে আর্থিক সুবিধা নেয়। এ চক্রের সঙ্গে রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

তিনি বলেন, ফুটপাত দখলকারী হকারদের পেছনে একটি চক্র কাজ করে। তারা হকারদের বসিয়ে সেখান থেকে নিয়মিত অর্থ আদায় করে। এই চক্রকে চিহ্নিত করে ব্যবস্থা না নিয়ে শুধু হকার উচ্ছেদ করলে অভিযানের কার্যকারিতা দীর্ঘস্থায়ী হবে না। কারণ, উচ্ছেদের পর তারাই আবার হকারদের ফিরিয়ে নিয়ে আসে।

উচ্ছেদ অভিযানের পর পুনরায় ফুটপাত দখলের বিষয়ে প্রশাসনিক নজরদারির ঘাটতির কথা উল্লেখ করে তিনি বলেন, সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ফুটপাত দখলের তথ্য থাকার কথা। উচ্ছেদের পর নতুন করে কেউ যাতে সেখানে দোকান বসাতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি প্রয়োজন। উদাহরণ হিসেবে তিনি মিরপুরের কয়েকটি সড়কের কথা উল্লেখ করেন, যেখানে সিটি করপোরেশনের নিয়মিত তদারকি ও প্রাথমিক পর্যায়ে বাধা দেওয়ার কারণে ফুটপাত দখল নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

হকারদের পুনর্বাসন প্রসঙ্গে অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি হকারদের সামাজিক সুরক্ষার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। যারা প্রকৃত অর্থে অতি দরিদ্র, তাদের চিহ্নিত করে রাষ্ট্রীয় সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে। তবে ঢাকা শহরের বিপুলসংখ্যক হকারকে একসঙ্গে পুনর্বাসন করা সরকারের পক্ষে সহজ নয়। এ ক্ষেত্রে প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার দিয়ে পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ফুটপাত পুনর্দখল ঠেকাতে তিনি উচ্ছেদ-পরবর্তী নজরদারি জোরদারের পাশাপাশি আশপাশের বৈধ দোকানমালিকদের সঙ্গে সিটি করপোরেশন ও পুলিশের সমন্বয় বাড়ানোর পরামর্শ দেন। তার মতে, আশপাশের ব্যবসায়ীদের সহযোগিতায় নতুন করে কেউ ফুটপাত দখল করতে এলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ব্যবস্থা করা যেতে পারে।

তিনি আরও বলেন, ফুটপাত দখলের প্রভাব সরাসরি সড়কে পড়ে। পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে মূল সড়কে চলাচল করতে বাধ্য হন। এতে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয়দের মতে, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই ফুটপাত দীর্ঘমেয়াদে দখলমুক্ত রাখা সম্ভব নয়। নিয়মিত তদারকি ও কার্যকর নজরদারি না থাকলে উচ্ছেদের পর আবারও দখল ফিরে আসার আশঙ্কা থাকে।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট