logo

রসগোল্লা বলে খেতে দেওয়া হয় বোমা, কামড় দিতেই ঘটে বিস্ফোরণ

রসগোল্লা বলে খেতে দেওয়া হয় বোমা, কামড় দিতেই ঘটে বিস্ফোরণ
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি

নিজের বাড়িতে বসে ছিলেন রাজেন্দ্র বারোতিয়া। এ সময় তার বাড়িতে বেড়াতে আসেন প্রতিবেশী রাম ভগত বারোতিয়া। দুজনের মধ্যে শুরু হয় খোশগল্প। একপর্যায়ে রাজেন্দ্রকে একটি ‘রসগোল্লা’ খেতে দেন রাম ভগত। প্রতিবেশী হওয়ায় তার ওপর আস্থা ছিল রাজেন্দ্রর। তাই কোনো দ্বিধা ছাড়াই রসগোল্লাটি মুখে তোলেন তিনি। কিন্তু কামড় দিতেই ঘটে বিকট বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ঘটনাটি গত ১০ নভেম্বর ভারতের মধ্যপ্রদেশের দিন্দোরি জেলার কোতোয়ালি থানা এলাকার পাদারিয়া গ্রামের। পুলিশ জানায়, রাম ভগতের দেওয়া রসগোল্লাটি আসলে হাতে তৈরি একটি দেশি বোমা ছিল। মুখে দেওয়ার পর সেটিতে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাজেন্দ্র।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নিহত রাজেন্দ্রের স্ত্রী সুশীলা বাই বলেন, ‘এটি মূলত বন্য প্রাণী শিকারের বা মারার জন্য তৈরি দেশীয় বোমা ছিল। বিকট বিস্ফোরণের শব্দ শুনে আমরা দ্রুত প্রতিবেশীদের সাহায্য চাই এবং একটি অটোরিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’ তবে শেষ রক্ষা হয়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্গা প্রসাদ নাগপুরে জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত রাম ভগতসহ আরও একজনকে আটক করা হয়েছে। ওসি আরও জানান, ঘটনার সময় অন্ধকার থাকায় রাজেন্দ্র বুঝতে পারেননি যে তাঁর হাতে রসগোল্লা নাকি বোমা দেওয়া হচ্ছে। ফলে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই বোমাটি বিস্ফোরিত হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রাম ভগত দাবি করেছেন, একটি ছেলে তাঁকে ওই বোমাটি দিয়েছিল। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সেই ছেলেটিকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে নিহত রাজেন্দ্র কিংবা প্রতিবেশীদের কোনো পুরোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, সেটাসহ সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে ঘটনার গভীর তদন্ত শুরু করেছে পুলিশ।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট