logo

নিখোঁজের এক বছর পর কিশোরীকে উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
নিখোঁজের এক বছর পর কিশোরীকে উদ্ধার
নিখোঁজের এক বছর পর কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। ছবি : ডিএমপি

রাজধানীর বংশাল থেকে নিখোঁজের এক বছর পর এক কিশোরীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক বিবৃতিতে এই তথ্য জানান।

জানা যায়, গত বছরের ১৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১০টায় স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় এক কিশোরী। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. জিন্নাত পরের দিন ১৭ সেপ্টেম্বর বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বংশাল থানা সূত্রে আরও জানা যায়, জিডির তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ এর দিকে ডিএমপির শাহ আলী থানা এলাকার একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার করে বংশাল থানা পুলিশ।

পরবর্তীতে উদ্ধারকৃত কিশোরীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।