logo

নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ মিলল ডোবায়

নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ মিলল ডোবায়
ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়। ইনসেটে কৃষক সাম্মত আলী। ছবি : এশিয়া পোস্ট

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুদিন পর এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী আজিজুল হকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিয়া কান্দা গ্রামে নিজের বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisement

নিহত সাম্মত আলী (৬৯) ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্মত আলীর বাড়ির পাশের জমি নিয়ে প্রতিবেশী আজিজুল হকের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা হলে প্রায় এক সপ্তাহ আগে সাম্মত আলী মামলার রায় পান। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে হঠাৎ নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শনিবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের ডোবায় সাম্মত আলীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাম্মত আলীকে পরিকল্পিতভাবে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী আজিজুল হকসহ তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।