নিখোঁজ মিশুকচালকের গলাকাটা মরদেহ মিলল পুকুরে

রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার একটি পুকুর থেকে মোহাম্মদ মুন্না খান (৩২) নামে এক মিশুকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, তাকে হত্যার পর মিশুক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ভাগনে মোহাম্মদ মাসুম সরকার জানান, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে প্রতিদিনের মতো মিশুক নিয়ে বাসা থেকে বের হন তার মামা মুন্না। এরপর আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।
তিনি আরও জানান, তার মামা দুই মাস আগে কিস্তিতে মিশুকটি কিনেছিলেন। বৃহস্পতিবার দুপুরে কাজ থেকে বাসায় ফেরার পর তার মামি ফোন করে মৃধাবাড়ি এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখার খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহটি মুন্নার বলে শনাক্ত করেন।
মাসুম সরকার জানান, মুন্না ময়মনসিংহ জেলার বাসিন্দা ছিলেন। তিনি মৃত মান্নান খানের ছেলে। পরিবার নিয়ে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার দুই ছেলে সন্তান রয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুন্নার পরিবারের সদস্যরা তার নিখোঁজের বিষয়ে থানায় জিডি করেন। এর কিছুক্ষণ পর মৃধাবাড়ি এলাকার একটি পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, মুন্নার গলায় কাটা এবং মাথায় ধারাল অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার মিশুক নিয়ে গেছে। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে পুকুরে ফেলে রেখে যায়।
এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।


