আইন করে সব সমস্যার সমাধান সম্ভব নয়, সামাজিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

সব সমস্যার সমাধান শুধু আইন করে করা সম্ভব নয়, বরং সামাজিক উদ্যোগের মাধ্যমেই সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন দেশের ৬৩ জেলায় গড়ে তোলা প্রয়োজন বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সময়ের পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রায় দুই যুগ ধরে দেশ একটি অস্বাভাবিক অবস্থার মধ্যে ছিল। সে সময় মানুষ ভয়ের মধ্যে বাস করেছে ও অধিকার হারিয়েছে। এমনকি সমাজের মানী-গুণী ও মুরুব্বিরাও অপদস্থ হয়েছেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থার পরিবর্তনের পর এখন সমাজের হারিয়ে যাওয়া মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় এসেছে। ধর্ম-বর্ণ ও রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, আয়-রোজগার ও ব্যবহার্য সামগ্রী বাড়ার সঙ্গে সঙ্গে নদী-নালা, খাল-বিল, মাঠ ও বাজার-ঘাটে আবর্জনা জমছে। এসব আবর্জনা পরিবেশ ও জনস্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।
সুশৃঙ্খল ও পদ্ধতিগতভাবে আবর্জনা সংগ্রহ করে পুরো জেলা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে লালমনিরহাটকে দেশের পরিচ্ছন্নতম জেলাগুলোর একটিতে পরিণত করা সম্ভব। মাদকাসক্তি নিরাময় ও পারিবারিক কোন্দল মেটানোর মতো ঘরে ঘরে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়েও সচেতনতা তৈরির তাগিদ দেন তিনি।
বৃক্ষরোপণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কোনো শিশুর বয়স এক থেকে তিন বছর হলে তার নামে ২০টি গাছ লাগানো যেতে পারে। ২০ বছর পর গাছগুলো বড় হলে শিশুটির অর্থনৈতিক প্রয়োজনে কাজে আসতে পারে। এ ছাড়া বাড়ির আশপাশে বড় গাছ থাকলে ঘরবাড়ি ঠান্ডা থাকে এবং ঝড়-তুফান বা টর্নেডো থেকে সুরক্ষা পাওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি।
পাখি, প্রজাপতি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণের আহ্বান জানিয়ে তিনি বলেন, গাছপালা ও ফুল উজাড় হওয়া এবং প্রাণী-পাখির প্রতি নিষ্ঠুরতার কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। পরিবেশ বদলে গেলে মানুষের অস্তিত্বও বিপন্ন হবে উল্লেখ করে সৃষ্টির সেরা জীব হিসেবে অন্য সব সৃষ্টির প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি এলাকা, দেশ ও পৃথিবীকে রক্ষার আহ্বান জানান তিনি।




