logo

মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

লালমনিরহাট সফরের অংশ হিসেবে সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি। পরে সেখানে আয়োজিত এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

Advertisement

এর আগে সকালে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’য় প্রধান অতিথি হিসেবেও অংশ নেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের অনুরোধে হাসিমুখে সেলফিও তোলেন।

বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হলো নিজেকে ও দেশকে পিছিয়ে রাখা। তরুণ প্রজন্ম, গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার। সে অনুযায়ী কাজ চলছে।

এ ছাড়া ‘স্পারসো’তে বর্তমানে কাজ চলছে জানিয়ে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর আশাবাদ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তরুণদের উদ্ভাবনী উদ্যোগ যেন অর্থের অভাবে থেমে না যায়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে বলেও জানান তিনি। প্রয়োজনে ভবিষ্যতে এ তহবিল আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

তরুণদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে প্রয়োজন ও উপযোগিতা অনুযায়ী প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। পাশাপাশি যোগাযোগ, কৃষি ও দুর্যোগ মোকাবিলায় উদ্ভাবনের বাস্তব প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

সফরের পরবর্তী কর্মসূচি অনুযায়ী, বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টায় তাঁর ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট