logo

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: এশিয়া পোস্ট

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা থেকে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এর আগে, আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারযোগে তিনি লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন।

Advertisement

সরকারি সফরসূচি অনুযায়ী, বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী লালমনিরহাট অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং সেখানে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এরপর সদর উপজেলার মহেন্দ্রনগর মন্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন শেষে এক জনসভায় ভাষণ দেবেন তিনি।

বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। দিনের সকল কর্মসূচি শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

এছাড়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাওয়াইয়া গান, নৃত্য ও ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাচ্ছেন। পুরো শহরজুড়ে আলোকসজ্জা, ব্যানার ও ফেস্টুনে তৈরি হয়েছে এক অনন্য উৎসবমুখর পরিবেশ।

সরকারপ্রধান হিসেবে এটিই প্রধানমন্ত্রীর প্রথম লালমনিরহাট সফর। এর আগে দলীয় কর্মসূচিতে অংশ নিতে প্রায় দুই দশক আগে তিনি এ জেলায় এসেছিলেন। দীর্ঘ সময় পর এবং প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তার এই আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বইছে উৎসবের আমেজ। দীর্ঘদিনের অবহেলিত এই জনপদের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছ থেকে নতুন কোনো ঘোষণা আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।